সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা তিনি। দিনখানেক আগেই ভুবন বাদাম বিক্রি না করার ঘোষণা দিয়েছিলেন। জানিয়েছিলেন, পেশা বদলে তিনি গান করবেন। এবার তাকে দেখা গেলে, রকস্টারের পোশাকে।
ঘোষণা অনুযায়ী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শহরের নামী রেস্তোরাঁ ও পাঁচতারা হোটেলে রকস্টার হিসেবে দেখা গেল ভুবন বাদ্যকারকে। খবর হিন্দুস্তান টাইমসের।
পারফর্মেন্সের সময় তার পরনে ছিল কালো ঝলমলে ব্লেজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর থেকেই সবার মুখে মুখে রয়েছে কাঁচাবাদাম। বাদাম বিক্রির সময় ভুবন যে গান গাইতেন, এখন সেই গান বিশ্বব্যাপী প্রশংসিত ও সমাদৃত হচ্ছে। শুনছে সুদূর অস্ট্রেলিয়া, তানজানিয়া কিংবা পর্তুগালের মানুষ।
রকস্টার হিসেবে মঞ্চে উঠে ‘জয় রাধে’র নাম নিয়ে পারফর্মেন্স শুরু করেন ভুবন। কেউ কেউ তাকে ‘বাদাম কাকু’ বলেও ডাকেন। মঞ্চে এক পর্যায়ে অকপটে তিনি উচ্চারণ করেন, আমার জ্ঞান খুব কম। আপনাদের কাছে পৌঁছেছি। আশা করি ঠাঁই পাবো।
তবে সমালোচকরা চুপ থাকেননি। তারা বলছেন, গায়ক হওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন ভুবন। গায়ক হতে হলে তাকে প্রতিনিয়ত রেওয়াজ করতে হয়। শিখতে হয়।
(0)

