Site icon changetv.press

বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টারের গোলা আঘাত হেনেছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে এবং মিডলইস্ট মনিটর।

পার্সটুডে জানায়, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে। তবে ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয়নি। মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সূত্র তা বিস্তারিত জানায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।

এদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী নাজহা আল শামারির বরাত দিয়ে মিডলইস্ট মনিটর জানায়, বাগদাদের উত্তরে তাইজি বেস ক্যাম্পের পাশে ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া গেছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকজুড়ে যখন সরকারবিরোধী বড় রকমের বিক্ষোভ হচ্ছে তখন মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটল। বিক্ষোভ মোকাবিলায় সরকার রাজধানী বাগদাদে সোমবার (২৮ অক্টোবর) কারফিউ জারি করে। ইরাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত এ অবস্থা চলবে।

(7)

Exit mobile version