Site icon changetv.press

বলিউড সুপারস্টার সালমান খানকে হত‌্যার পরিকল্পনা ফাঁস

বলিউড সুপারস্টার সালমান খানকে হত‌্যার পরিকল্পনা করেছিল দুষ্কৃতিকারীরা। সালমান খানের বান্দ্রার বাড়ির উপর তাদের নিয়মিত নজরদারি ছিল। রাহুল নামে এক শুটারকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।

পুরোনো শত্রুতার জের ধরে লরেন্স বিষ্ণই নামে এক গ‌্যাংস্টার সালমান খানকে হত‌্যার নির্দেশ দিয়েছিলেন। আর শুটার রাহুলকে তিনি এই দায়িত্ব দেন। লরেন্স বর্তমানে যোধপুর জেলে রয়েছে। জেলে বসেই এই হত‌্যার পরিকল্পনা করে সে।

এ বিষয়ে ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল বলেন, গত জানুয়ারিতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই সালমান খানের উপর বিশেষ নজর রাখতে বলে রাহুলকে এবং সুযোগ বুঝে তাকে হত্যার নির্দেশও দেয়। কিন্তু গত ১৫ আগস্ট রাহুলকে গ্রেফতার করে ফরিদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার সঙ্গে আরো ৪ ব‌্যক্তি ধরা পড়ে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে এসব তথ‌্য বেরিয়ে আসে। রাহুলকে গ্রেফতারের পর সালমান খানের নিরাপত্তা ব‌্যবস্থা জোরদার করা হয়েছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, রাহুল এর বাড়ি রাজস্থানের ভিওয়ানিতে। সে একজন কুখ‌্যাত খুনি। এ পর্যন্ত ৪ জনকে খুন করেছে সে। লরেন্সের নির্দেশে ২০১৯ সালের আগস্টে হরিয়ানার ঝজ্জরে ১ জনকে, একই বছরের ডিসেম্বরে আরেকজনকে খুন করে সে। চলতি বছরের জুনে ভিওয়ানিতে ও ফরিদাবাদে চার দিনের ব্যবধানে ২ জনকে খুন করে সে।

(0)

Exit mobile version