Site icon changetv.press

বন্যায় ভাসছে ইতালির ভেনিস নগরী

ইতালির ঐতিহাসিক ভেনিস শহর বন্যার পানিতে ডুবে গেছে।  বন্যায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারোর জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবেই এই বন্যা। খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

এক টুইট বার্তায় মেয়র ব্রুগনারো বলেন, ৫০ বছরের মধ্যে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এটি একটি স্থায়ী চিহ্ন রেখে যাবে। এখনই সরকারের আমাদের কথা শোনা উচিত। এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার মূল্য অনেক চড়া হবে।

বন্যায় পর্যটন অঞ্চলগুলো তলিয়ে গেছে। সবচেয়ে নিচু এলাকা সেন্ট মার্কস স্কয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গির্জা সূত্রে জানা গেছে, গত ১ হাজার ২০০ বছরের মধ্যে এখানকার ব্যাসিলিকা ছয়বার বন্যার পানিতে ডুবেছে।

বন্যায় পেলাস্ট্রাইন দ্বীপে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিজের বাসায় পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আরেকজনের লাশ পাওয়া গেছে।

মেয়র বলেছেন, ক্ষতির পরিমাণ বিপুল। এ অবস্থাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়া যায়। তিনি বলেন, ‘অবস্থা নাটকীয়তার দিকে মোড় নিচ্ছে। আমরা সরকারের কাছে সাহায্য চেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।’ তিনি স্থানীয় ব্যবসায়ীদের বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ছবি ও ভিডিও ফুটেজ শেয়ার করতে অনুরোধ করেছেন। এর ফলে সরকারি অনুদান পেতে সুবিধা হবে বলে জানান তিনি।

(19)

Exit mobile version