প্রথমবারের মত জনসম্মুখে আসলেন আড়ালে থাকা তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। শনিবার কান্দাহারে সমর্থকদের উদ্দেশে তিনি বক্তৃতা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, শনিবার কান্দাহারে দারুল উলুম হাকিমা মাদ্রাসা পরিদর্শন করেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। সেখানে প্রায় ১০ মিনিট সমর্থকদের সামনে কথা বলেন তিনি। তবে বক্তব্যে তিনি কি বলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিবাতুল্লাহ আখুন্দজাদা এতদিন পর্দার আড়ালে ছিলেন।
তালেবানের এই সুপ্রিম লিডার কোথায় আছেন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক রিপোর্ট প্রকাশ করছে।
তালেবান নেতারা শুরু থেকেই জানিয়েছেন, আখুন্দজাদা আফগানিস্তানেই আছেন। শিগগিরই তিনি জনসম্মুখে আসবেন।
আখুন্দজাদা পাকিস্তানের সেনা হেফাজতে রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের অভ্যন্তরীণ তদন্তে জানিয়েছিল।
তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর ২০১৬ সালের ২৫ মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা ।
(0)

