Site icon changetv.press

পেঁয়াজ আমদানি শুরু, দাম আরো কমবে: বাণিজ্যমন্ত্রী

বাজারে পেঁয়াজ ও আলুর দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, দাম আরো কমবে।

মন্ত্রী বলেন, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি। সংকট সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতায় পেঁয়াজ আমদানি শুরু করা হয়। বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে।

রোববার রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের চাহিদার তুলনায় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি হয়। প্রতি বছর সেপ্টেম্বরের দিকে এই ঘাটতি দেখা দেয়। সে কারণে আগে থেকেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমদানিকৃত পেঁয়াজের ৯০ শতাংশই আসে প্রতিবেশী দেশ ভারত থেকে। কিন্তু এখন সেখানেও ঘাটতি দেখা দিয়েছে। পেঁয়াজ এবং আলুর দাম সেখানেও বেশি।

টিপু মুনশি বলেন, তৈরি পোশাক খাত আমাদের বৈদেশিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়ার কারণে কোভিড-১৯ এর মতো মহামারির মধ্যেও এ খাতটি এখন ঘুরে দাঁড়িয়েছে এবং আগের অবস্থানে চলে এসেছে। এ সেক্টর নিয়ে প্রতিবেদন তৈরির সময় সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠ সমালোচনার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্রও সঠিকভাবে তুলে ধরতে হবে।

(0)

Exit mobile version