Site icon changetv.press

পরীমণি ফের এক দিনের রিমান্ডে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালত তাকে ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে ওই মামলায় আরো পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানি শেষে এই আদেশ দেন। একইসাথে পরীমণির পক্ষ থেকে করা জামিন আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২২ নম্বর আদালতে দুই আবেদন শুনানি হয়। পরে আদালতের বিচারক এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

গত সোমবার একই আদালতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট বিপুল মাদকসহ বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। ৫ আগস্ট চারদিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হলে নায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

(0)

Exit mobile version