Site icon changetv.press

‘পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগ’

পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পদ্মাসেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দৃশ্যমান হয়েছে ৪ হাজার ৬৫০ মিটার। ৪২ টি পিয়ারের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং নদী শাসনের কাজ প্রায় ৮৪ ভাগ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

ঢাকা হতে মাওয়া এবং পাচ্চর হতে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্মুক্ত করবেন যানচলাচলের জন্য। এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন সেতু সচিব বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

(0)

Exit mobile version