ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ আহতরা ভালো আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মেডিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় নাসির উদ্দিন বলেন, শিগগিরই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।
এর আগে, ভিপি নুরসহ মোট ৫ জনের উন্নত চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ডাকসুতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় নুরসহ অন্তত ২৮ জন শিক্ষার্থী আহত হন। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা জানান, তারা ভিপি নুরসহ ডাকসু ভবনের ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। তখন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা, রড নিয়ে হামলা করে। এরপর রুমের দরজা বন্ধ করে দেয়। পরে এক এক করে বের করে পিটিয়ে আহত করে।
(10)

