Site icon changetv.press

নাগরিকত্ব বিল ১০০০ শতাংশ সঠিক: মোদি

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতজুড়ে চলমান সহিংস আন্দোলনের জন্য কংগ্রেসসহ বিরোধীরা দায়ী বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৫ ডিসেম্বর) অভিযোগের আঙুল তুলে মোদি বলেন, নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশে যে অশান্তির আগুন তাতে ঘি ঢালছে বিরোধী দলগুলোই।

মোদি বলেন,কংগ্রেস এবং তার সহযোগীরা নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দেশে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু উত্তর-পূর্বের মানুষ হিংসা প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের পদক্ষেপই প্রমাণ করে যে সংসদে গৃহীত সমস্ত সিদ্ধান্তই সঠিক।

দুমকায় এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, দেশ সব দেখছে, সংসদে বিল পাস হওয়ার পরে মোদির প্রতি জনগণের বিশ্বাস দৃঢ় হয়েছে। বিরোধীদের কর্মকাণ্ডগুলোই বুঝিয়ে দিচ্ছে যে সংসদে নাগরিকত্ব (সংশোধনী) বিল পাসের সিদ্ধান্তটি ১০০০ শতাংশ সঠিক।

কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের কথা উল্লেখ না করে প্রধানমন্ত্রী মোদি জানান, কারা আগুনে ঘি ঢালছে তা তাদের পোশাক দিয়েই চেনা যাচ্ছে। মোদির কথায়, যে ব্যক্তিরা আগুন লাগাচ্ছেন তাদের টিভিতেই দেখা যাচ্ছে… তারা যে পোশাক পরেছেন তা দিয়েই তাদের চিহ্নিত করা যায়।

সুত্রঃ এনডিটিভি

(15)

Exit mobile version