Site icon changetv.press

নতুন রূপে বিপাশা হায়াত

অভিনেত্রী বিপাশা হায়াত নিজেকে এক নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি নিজের শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিচ্ছেন।বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিমগ্নচিত্তে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাকে।
১৯৯৮ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে নিজ ক্যাম্পাসের আঙিনায় তাকে বেশ সাবলীল ও আনন্দমুখর দেখা গেছে।
২০১৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। তবে সুযোগ পেলেই দেশে ফেরেন। দেশে এলেও এতদিন ক্যামেরা এড়িয়ে চলেছেন। তবে এবারের ফেরাটা ভিন্নমাত্রা যোগ করেছে।
সম্প্রতি প্রায় সাত বছর পর তিনি আবারও ক্যামেরার সামনে আসেন এবং অভিনয় থেকে দূরে থাকার কারণ তুলে ধরেন। অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন।
সম্প্রতি বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের না-বলা অনেক কথা শেয়ার করেন।
পডকাস্টে বিপাশা জানান, তিনি অভিনয় থেকে বিদায় নেননি। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন।
তার ভাষায়, ‘শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে ঘাম ঝরানো কোনও চরিত্র করতে চাই। ‘বনলতা এক্সপ্রেসে’ সেই সুযোগটি কম ছিল। আমি খুব সেজেগুজে কাজ করতে পছন্দ করি না। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যারা বেদনার্ত ও অনেক কষ্টে আছে।’
সব শেষ গত বছর রাজধানী ঢাকায় গ্যালারি চিত্রক-এ বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ আয়োজন করা হয়।

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

Exit mobile version