Site icon changetv.press

দেশে মহামারি করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১ টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭০ হাজার ১৯১টিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৪৪ জন এবং নারী একজন। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ১৬৯ জন এবং নারী ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগের নয়জন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের চারজন, বরিশাল বিভাগের দুইজন, রংপুর বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের ছিলেন দুইজন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৩৮ লাখের ২৯ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার। তবে ১ কোটি ৬৪ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

Exit mobile version