Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯৯৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ে দৈনন্দিন হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৩১৭টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী পাঁচজন। এ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।

গত চার মাসেরও বেশি সময় যাবত দুপুর আড়াইটায় করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করে আসছিল স্বাস্থ্য অধিদফতর। তবে মঙ্গলবার (১১ আগস্ট) বুলেটিন উপস্থাপনের পর অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, অনলাইনে আর ব্রিফিং হবে না। আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সকল তথ্য পাবে গণমাধ্যম।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ৩৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

(0)

Exit mobile version