আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
কান্দাহার প্রদেশের দান্দ এলাকায় শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা। খবর আলজাজিরার।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবানদের দাবি, তাদের যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবানরা।
মার্কিন-তালেবান শান্তি আলোচনা যখন নতুন করে শুরু করার কথা চলছে, তখন এ ধরনের হামলা আবারও এ আলোচনায় কালো মেঘের ছায়া পড়ল।
এ পর্যন্ত তালেবানদের হামলায় কমপক্ষে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন।
(7)

