Site icon changetv.press

তসলিমা নাসরিন এখনো ফেসবুকে ‘মৃত’

ভারতে নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে ‘মৃত’ ঘোষণা করেছে ফেসবুক। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায়, তার অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এক সপ্তাহ পার হলেও সেই ‘রিমেম্বারিং’ এখনো ঝুলে আছে তসলিমার অ্যাকাউন্টে। এর জবাবে এক টুইট করেছেন তিনি।

টুইটে তসলিমা বলেন, আমি এখনো মরিনি ফেসবুক। দয়া করে ‘রিমেম্বারিং’ ট্যাগটি সরিয়ে দিন এবং আমাকে বাঁচতে দিন।

সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্ট এভাবে রিমেম্বারিং করে দেয় ফেসবুক। তসলিমার রিমেম্বারিং মেসেজে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল দেখে সান্তনা খুঁজে পাবেন।’

গত সপ্তাহের সোমবার নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তসলিমা। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবনকে আমি অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’ ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখাতে শুরু করে ফেসবুক।

প্রসঙ্গত, ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করতে হলে সাধারণত একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। কেউ মারা যাওয়ার পর ওই তথ্য যাচাইপূর্বক ব্যবস্থা নেয় ফেসবুক। কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে এরই মধ্যে লেখিকাকে তার আইডি ফিরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

(0)

Exit mobile version