Site icon changetv.press

জাতীয় দলের বাইরে থাকায় আক্ষেপ রুবেলের

ভালো পারফরম্যান্স করলে অবশ্যই নির্বাচকরা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। তবে জাতীয় দলের বাইরে থাকায় আক্ষেপ রয়েছে এমনটাই জানিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। আবারও নিজেকে প্রমাণ করে লাল সবুজ জার্সিতে ফিরতে মরিয়া এনসিএলে খুলনা বিভাগের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া এ পেসার। জানিয়েছেন টেস্টে ভারতের বিপক্ষে ভালো করতে হলে মূল দায়িত্ব নিতে হবে পেসারদের। অনুশীলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ রুবেল এখন খেলছেন এনসিএলে। সতীর্থরা যখন ভারতের মাটিতে সিরিজ খেলতে ব্যস্ত তখন তাকে প্রমাণ দিতে হচ্ছে ঘরোয়া ক্রিকেটে। ফর্মহীনতা তাকে সরিয়ে দিয়েছে জাতীয় দল থেকে।

লাল সবুজ জার্সিটা মিস করেন রুবেল। আবারো ফিরতে চান টাইগার স্কোয়াডে। তাই এনসিএলকেই নিয়েছেন মঞ্চ হিসেবে। ৫ম রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণিতে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

তিনি বলেন, জাতীয় দল থেকে বাইরে থাকা অবশ্যই খারাপ লাগছে। এখানে যারা নির্বাচক ছিলেন তারা দেখছেন, জাতীয় টিমের দরজাটা সব সময় খোলাই আছে। ভালো পারফরম্যান্স করলে যে কেউ ঢুকতেই পারবে। আমি শেষ চারটা ম্যাচ খেলেছি বোলিং ভালো ছিল কিন্তু উইকেট পাচ্ছিলাম না, এ ম্যাচে উইকেটটা ফেভার করে, চেষ্টা করছি ভালো করার জন্য। সামনে বিপিএল আছে সেখানে ভালো করলে অবশ্যেই জাতীয় দলে খেলার সুযোগ পাব।

ভারতের বিপক্ষে জিততে জিততে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। তবে টেস্ট সিরিজ হবে চ্যালেঞ্জিং। তাই স্কোয়াডে থাকা পেসারদের রাখতে হবে বড় অবদান।

তিনি আরও বলেন, যারা আছেন তারা অবশ্যই ভালো। তবে স্কোয়াডে থাকা পেসারদের বড় অবদান রাখতে হবে।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের পর থেকে জাতীয় দলের বাইরে এই টাইগার পেসার। এনসিএলে এখন পর্যন্ত শিকার করেছেন ১৩ উইকেট। তাই আবারো জাতীয় দলে ফিরতে মরিয়া রুবেল হোসেন।

(7)

Exit mobile version