Site icon changetv.press

ছাত্রের চুল কেটে দেওয়া মাদ্রাসা শিক্ষক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানা পুলিশ।

ওই শিক্ষককে আটকের সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, আটক মঞ্জু হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির।

ঘটনার শিকার শিক্ষার্থীরা জানান, বুধবার তারা শ্রেণিকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ৬ জনকে দাঁড় করিয়ে শ্রেণিকক্ষের সামনের বারান্দায় যেতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কেচি দিয়ে একে একে সবার মাথার সামনের অংশের চুল এলোমেলোভাবে কেটে দেন। পরে তারা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।

এ ঘটনার এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজন ছাত্রকে কাঁদতে দেখা গেছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, শিক্ষার্থীদের চুল কেটে দেয়ার ঘটনায় শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

(0)

Exit mobile version