Site icon changetv.press

ছাত্রদের হাফ ভাড়া শর্তহীন নিশ্চিত করতে হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, শুধু রাজধানী নয়, সারা দেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, এ আন্দোলন যৌক্তিক। আন্দোলনে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু কারও যেন কিছুই করার নেই। ছাত্রদের হাফ ভাড়ার দাবিতে কোনো শর্ত গ্রহণযোগ্য নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বুধবার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার খাজা তানভির আহমেদের নেতৃত্বে অর্ধশত নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান এ সময় বলেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। তেলের দাম বাড়ার পর থেকে সরকারের সঙ্গে আলোচনায় যে হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে, শ্রমিকরা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে। অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে দেয় সিএনজিচালিত বাসেও। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করে পথে নামিয়ে দিচ্ছে শ্রমিকরা।

তিনি বলেন, পরিবহণ মালিক ও শ্রমিকরা এক শ্রেণির নেতার কাছে জিম্মি হয়ে আছে। সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে পরিবহণ মালিকদের সঙ্গে আঁতাত করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। সরকার জনগণের পক্ষে কাজ করছে না, সাধারণ মানুষ মনে করছে সরকারও পরিবহণ মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সড়ক পথের চাঁদাবাজি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। জিএম কাদের বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির জন্য সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাই প্রতিদিন বিশিষ্টজনরা জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন। জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, তিনশ আসনেই প্রার্থী দিতে কাজ করছে জাতীয় পার্টি। তাই সাধারণ মানুষের সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারাই জাতীয় পার্টির মনোনয়ন পাবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জোটের কথা ভুলে কাজ করুন, কারও সঙ্গেই জোট হবে না। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে। দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

(0)

Exit mobile version