Site icon changetv.press

চিঠিওয়ালা প্রেম খুঁজেছিলাম: চিত্রনায়িকা মাহিয়া মাহি

ভালোবেসে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর দাম্পত্য জীবন শুরু করেন তারা। এরপর থেকে স্বামীকে ইঙ্গিত করে বিভিন্ন রোম্যান্টিক স্ট্যাটাস দিয়েছেন মাহি। সেগুলোর মন্তব্যের ঘরে রাকিবও হাজিরা দিয়েছেন বাধ্য প্রেমিকের মতো।

ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনের তিনি লিখেছেন, ‘প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো। উহু! দুটোই তোমাকে কানে দিতে বলেছি? একটা আমার কানে দাও। হুম…পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো।’

তিনি লিখেছেন, ‘ধরে নাও রাত তিনটা বাজে এখন, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে দুজন হাত ধরে হাঁটব যেন ঘাসের উপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের ওপর শুয়ে আকাশের তারাগুলো একটা একটা করে গুনে ফেলব।’

স্বামীর প্রতি আদুরে আবদার করে মাহি লিখেছেন, ‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লাভ ইউ, মিস ইউ অথবা খেয়েছো? ঘুমিয়েছো? কত কী! তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালা প্রেমটাই খুঁজেছিলাম।’

মাহির এই পোস্টেও কমেন্ট করেছেন তার স্বামী রাকিব সরকার। তবে কোনো মন্তব্য নয়, দিয়েছেন একটি ছবি। যেখানে দেখা যায়, কোনো সমুদ্র বা নদীর কিনারে একে-অপরকে জড়িয়ে বসে আছেন তারা। এই ছবি দেখে ধারণা করা যায়, মাহির ভাবনার বাস্তবায়ন করে দিয়েছেন স্বামী রাকিব।

(0)

Exit mobile version