Site icon changetv.press

চার বাংলাদেশিকে বিএসএফ’র অমানুষিক নির্যাতন !

রাজশাহী পবা উপজেলায় সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে নির্যাতন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নির্যাতনের শিকার জেলেদের বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক হবে। তাদের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

নির্যাতনের শিকার জেলেরা হলেন- পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, বৃহস্পতিবার বিএসএফের সঙ্গে এ বিষয়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাবো। জেলেদের নৌকা ফেরত আনার চেষ্টা করবো।

জানা যায়, মাছ ধরার সময় বুধবার ভোরে পদ্মা নদী থেকে ওই চার জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর বুধবার সন্ধ্যার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

(0)

Exit mobile version