ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।
রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ঘাস কাটার সময় ধরে নিয়ে গেছে বিএসএফ। ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানায় আটক করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রাতে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। জানান, বাংলাদেশি দুই শ্রমিককে ফিরিয়ে আনার জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
গতকাল দুপুরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। আটককৃত ২ বাংলাদেশি শ্রমিক হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০) ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী (৩৫)।
জানা যায়, হরিরামপুর সীমান্তের পদ্মা নদীর ২নং কলোনীর চরে গরুর জন্য খড় কাটতে যান । এই সময় ওপারে থাকা ভারতের পশিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এসে তাদের দুইজনকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার চেষ্টা চলছে। তবে কোন কারণ ছাড়াই তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি ওই দুই পরিবারের৷
(5)

