প্রহরীকে আটকে রেখে বাসায় ঢুকে দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হবে নিউরোসাইন্স হাসপাতালে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। ধারনা করা হচ্ছে-ঘটনাটি পরিকল্পিত। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বছরখানেক আগে ঘোড়াঘাটের ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওয়াহিদা খানম। থাকতেন উপজেলা পরিষদ চত্বরের সরকারি বাসভবনেই। বুধবার গভীর রাতে, হঠাৎ সেখানে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রহরীকে আটকে রেখে, গ্রিল ভেঙ্গে প্রবেশ করে বাসার ভেতরে। বাবা ওমর আলীসহ ইউএনওকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায় তারা।
(0)

