Site icon changetv.press

কাশ্মীরের বিক্ষোভ স্বীকার করেছে ভারত সরকার

কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সেখানে বড়সড় বিক্ষোভ হয়েছিল বলে স্বীকার করেছে ভারত সরকার। নিজেদের পূর্বের বক্তব্যও পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।

৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হলেও ভারত সরকার তা ‘অতিরঞ্জিত’ ও ‘ভুল’ খবর দাবি করেছিল।

তবে মঙ্গলবার (১৩ আগস্ট) এক টুইটে শ্রীনগরে হওয়া একটি বিক্ষোভের সত্যতা স্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

কাশ্মীরকে যোগাযোগ বিচ্ছিন্ন করার পর ৯ আগস্ট হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রকাশ করার একটি ভিডিও ফুটেজ প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

ভারত সরকার দাবি করেছিল যে, সেরকম কোনো বিক্ষোভ আসলে হয়নি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটটিতে বলা হয়, গণমাধ্যম শ্রীনগরের সাওরা এলাকার খবর প্রকাশ করেছিল। ৯ আগস্ট স্থানীয় একটি মসজিদ থেকে সাধারণ মানুষ যখন ঘরে ফিরছিল, তখন কিছু দুষ্কৃতিকারী তাদের সাথে যোগ দেয় এবং পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে।

পরে আরেকটি টুইটে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।

(41)

Exit mobile version