Site icon changetv.press

কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন শিকদার (২৫)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির বালুর চরে। সুমন ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন বলে জানায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলেন সুমন। এসময় কয়েকজন যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে এলোপাতাড়িভাবে তাকে কোপাতে থাকে। কুপিয়ে তারা চলে গেলে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

হামলার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

(6)

Exit mobile version