Site icon changetv.press

ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপনটি বন্ধের নির্দেশ

‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’- এই সংলাপ ব্যবহার করা একটি ব্র্যান্ডের চায়ের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য অধিদফতর। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করেছে তথ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুন) অধিদফতর থেকে দেশের সব পত্রিকা, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে।

প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ৩১ মার্চ একাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়- ‘টেলিভিশন বিজ্ঞাপনে আমার কাজটি করে না দিলে তোমাকে ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’- প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নিতে।

এতে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এমতাবস্থায় এই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করার জন্য সব জাতীয় দৈনিককে (অনলাইন) অনুরোধ করা হলো।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টিভি বিজ্ঞাপন চিত্রটি নিয়ে আলোচনা হয়।

(0)

Exit mobile version