Site icon changetv.press

এবার টিকটকের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ !

চীনের ভিডিও শেয়ারিং ‘টিকটক’ অ্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা অভিযোগ ও মামলা রয়েছে। এবার ইংল্যান্ডেও অভিযোগ ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই অ্যাপ। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, টিকটকের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি শিশু-কিশোরদের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও তা ব্যবহার করছে। যুক্তরাজ্যে এবং ইউরোপের লাখো শিশুদের পক্ষে এই অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন ইংল্যান্ডের শিশু বিষয়ক কমিশনার অ্যানি লংফিল্ড। তার দাবি, যুক্তরাজ্য ও ইউরোপের তথ্য সংরক্ষণ আইন লংঘন করেছে টিকটক।

বিবিসি জানায়, এর আগে ১২ বছরের এক কিশোরী বেআইনিভাবে শিশুদের তথ্য প্রকাশের অভিযোগে মামলা দায়ের করে টিকটকের বিরুদ্ধে। আর সেই মামলায় পুরোপুরি সমর্থন জানান ইংল্যান্ডের অ্যানি লংফিল্ড। তিনি বলেন, যদি এই চ্যালেঞ্জ সফল হয় তাহলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক শিশুকে কয়েক হাজার পাউন্ড করে ক্ষতিপূরণ দিতে হবে টিকটকে।

অ্যানি লংফিল্ড আরও বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে আয় ও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য, ছবি, ফোন নাম্বার, বায়োমেট্রিক তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ব্যবহার করে থাকে। এই মামলার মাধ্যমে ইংল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের টিকটক ব্যবহারের বিষয়টি আরও সুরক্ষিত হবে বলেও বিশ্বাস করেন তিনি।

তবে এই মামলা ও আইনী চ্যালেঞ্জকে অযৌক্তিক দাবি করে তা মোকাবিলা করবে বলে জানায় টিকটক। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ১৩ বছরের কম বয়সী কাউকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয় না টিকটকে। এই নীতিমালা কঠোরভাবে মেনে চলে তারা।

(0)

Exit mobile version