Site icon changetv.press

এফডিসিতে কড়া নিরাপত্তার মধ্যেও নায়িকার ব্যাগ চুরি

বিএফডিসিতে ‘অর্জন ৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেলো গতকাল মঙ্গলবার (১৬ জুলাই)। মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের গল্প নিয়ে নির্মিত হতে যাওয়া ছবিটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তাই মঙ্গলবার দুপুর থেকেই এফডিসির গেটে বসানো হয়েছিল কড়া নিরাপত্তা। কিন্তু, এত নিরাপত্তার মধ্যেও দুটি মোবাইল ফোন চুরির কথা জানালেন চিত্রনায়িকা শাহনূর।

এটিএন বাংলা ফ্লোরে অনুষ্ঠান শুরুর কিছু সময় পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য মঞ্চে উঠেন শাহনূর। মঞ্চ থেকে নেমেই নিজের ব্যাগ হারানোর কথা জানান তিনি। এ সময় অনুষ্ঠানস্থলে হৈ চৈ পড়ে যায়।

শাহনূর বলেন, আমার আসনে একজনের কাছে ব্যাগ রেখে মঞ্চে উঠেছিলাম। নেমে জানি আমার সহকারী পরিচয় দিয়ে তার কাছ থেকে ব্যাগটি নিয়ে যায়। ব্যাগে আমার টাকা, দুটি ফোনসহ প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র ছিল। ব্যাগটি আর পাওয়া যায়নি।

উপস্থিত পুলিশদের ঘটনা জানানো পরই ব্যাগ খোঁজার তোড়জোড় শুরু হয়। এফডিসির গেটে বসানো হয় চেকপোস্ট। উপস্থিত সাংবাদিকসহ সবার পকেট ও ব্যাগ চেক করা হয়। এতে করে দ্বিতীয় দফায় বিড়ম্বনার শিকার হন সাংবাদিক ও অতিথিরা। বিরক্তিকর এক অভিজ্ঞতা নিয়ে সকলে অনুষ্ঠান ত্যাগ করেন।

অনুষ্ঠানে ছবির পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, চিত্রনায়ক ওমর সানী, শতাব্দী ওয়াদুদ ও প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী উপস্থিত ছিলেন।

(14)

Exit mobile version