Site icon changetv.press

ইউরোপের দেশ আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত ২১

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইউরোপের দেশ আলবেনিয়া। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাজধানী তিরানাসহ সংলগ্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে কম্পনটি হয়। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। কম্পনের কেন্দ্রস্থল ছিল রাজধানী তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

গত কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের তাণ্ডবে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উদ্ধার অভিযান চলবে। টুইটারে এক বার্তায় তিনি লিখেছেন, প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের পক্ষে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।

(5)

Exit mobile version