Site icon changetv.press

আল জাজিরার সাংবাদিককে ছেড়ে দিল ইসরায়েলি পুলিশ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার নারী সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাকে মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরেই বুদেইরিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। গিভারা বুদেইরি আল-জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত।

জেরুজালেম থেকে আল-জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানিয়েছেন, বুদেইরিকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে। তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।

(0)

Exit mobile version