পদত্যাগের একদিন পর আবারও নিজ কার্যালয়ে ফিরেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির গণমাধ্যম দ্য স্টার জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় মাহাথিরকে বহনকারী গাড়িকে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল গেটে থেমেছে।
এ বিষয়ে মাহাথির সরকারের মুখ্যসচিব মোহাম্মদ জুকি আলী গতকাল এক বিবৃতিতে বলেন,মাহাথিরের পদত্যাগপত্র রাজা গ্রহণ করেছেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দ্য ফেডারেল সংবিধানের ৪৩(২) অনুচ্ছেদ অনুযায়ী মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করায় সম্মতি দিয়েছেন তিনি। ফলে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ না পাওয়া পর্যন্ত দেশের সব দায়িত্ব তিনিই সামলাবেন।
মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের উদ্ধৃতি দিয়ে ইনসাইট নিউজ পোর্টাল জানায়, অন্তর্বর্তী নেতা থাকার কোনো নির্ধারিত সময়সীমা নেই এবং এই নেতা মন্ত্রিসভার মন্ত্রীদেরও নিয়োগ দিতে পারেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজা ইয়াং দি-পারতুয়ান আগং-এর কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকেলে পদত্যাগপত্র গ্রহণের পর মালয়েশিয়ার রাজা পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন।
(168)

