Site icon changetv.press

আজ থেকে ফাইজারের টিকা দেয়া হবে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীর তিনটি কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেয়া হবে। ঢাকার এই তিনটি হাসপাতলে আগে থেকে যারা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছিলেন শুধু তারাই টিকা পাবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক।

তিনি আরো জানান ফাইজারের ভ্যাকসিন একটি টেম্পারেচার সেনসিটিভ টিকা। তাই আল্ট্রা কোল্ড চেইন নিশ্চিত করে এটি সংরক্ষণ করতে হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর তিন হাসপাতালে টিকাদান চলবে। যারা টিকা গ্রহণ করবেন তাদের সাতদিন পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে সারাদেশে এ টিকা দেয়ার সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ইতোমধ্যে কোভ্যাক্স থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি সোমবার থেকে ফাইজার টিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

এর আগে গত ৩১ মে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে এসে পৌঁছায়। ওই দিন রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে টিকার এ চালান এসে পৌঁছায়।

গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।

(0)

Exit mobile version