Site icon changetv.press

আজ খুলছে সিনেমা হল; প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’

আজ থেকে অর্ধেক আসনে বসার শর্তে খোলা হচ্ছে সিনেমা হল। এছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ রয়েছে সরকারের পক্ষ থেকে।

এদিকে সিনেমা হল খোলার দিনেই মুক্তি পাচ্ছে আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা সাহসী হিরো আলম।

বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি প্রদান করা হয়েছে।

সিনেমা মুক্তির বিষয়ে হিরো আলম বলেন, আনন্দ, চিত্রা মহল, জিঞ্জিরাসহ দেশের অর্ধশতাধিক সিনেমা হলে সাহসী হিরো আলম মুক্তি পাবে। এই পর্যন্ত ৪০টি হল চূড়ান্ত হয়েছে।

ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী। পরিচালক দাবি করেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানের চেহারা ভালো হলেও তিনি হিরো আলমের চেয়ে জনপ্রিয় নন। ‘সাহসী হিরো আলম’ ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন হিরো আলম। তার বিপরীতে তিন নায়িকা অভিনয় করেছেন।

(0)

Exit mobile version