Site icon changetv.press

আইএস প্রধান নিহতের সংবাদে রাশিয়ার সন্দেহ

জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি মারা যাওয়ার খবরে সংশয় প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়া মনে করে বাগদাদি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে নিহত হন নি। বাগদাদি নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন রোববার, সে বিষয়ে সংশয় রয়েছে রাশিয়ার।  ট্রাম্প দাবি করেছেন, শনিবার রাতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স সিরিয়াতে বাগদাদির অবস্থানে অভিযান চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন তিন সন্তানকে সঙ্গে নিয়ে। ট্রাম্প আরো বলেছেন, খেলাফত কায়েম করা এই নেতা একটি টানেলের ভিতর বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে চিৎকার করতে করতে কুকুরের মতো মারা গেছেন। বৃটিশ একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ এ খবর দিয়ে জানাচ্ছে রাশিয়ার মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ যুক্তরাষ্ট্রের ওই বক্তব্যের সঙ্গে একমত হতে পারছেন না।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানাচ্ছে, মেজর জেনারেল ইগোর বলেছেন, সিরিয়ার ইদলিব শহরে যুক্তরাষ্ট্র বা জোটবাহিনী আকাশ থেকে কোনোও হামলা চালায় নি। যেখানে বাগদাদির অবস্থানস্থল সেখানে কোনো অভিযান চালানো হয় নি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অন্য দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের ওই মিশন সম্পর্কে সাংঘর্ষিক তথ্য পাওয়া গেছে।

(11)

Exit mobile version