Site icon changetv.press

অভিনেতা মহিউদ্দিন বাহারের দাফন সম্পন্ন

জনপ্রিয় অভিনেতা মহিউদ্দিন বাহার আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর বড় ছেলে মো. মঈন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি অনেক দিন ধরে হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দয়াগঞ্জের বাসা থেকে ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ আছর দয়াগঞ্জে জানাজার পর সেখানকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, অভিনেতা মহিউদ্দিন বাহার ১৯৪৭ সালের ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন। সরকারি চাকরিজীবী হলেও অভিনয় ছিল মহিউদ্দিন বাহারের নেশা। স্কুলজীবন থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে বাংলাদেশ টেলিভিশনের ছোটদের সিরিজ ‘রোজ রোজ’-এ প্রথম অভিনয় করেন মহিউদ্দিন বাহার। এরপর চাকরির পাশাপাশি হুমায়ূন আহমেদ, গিয়াস উদ্দিন সেলিমসহ অনেকের নাটকে অভিনয় করেন। তবে সবচেয়ে বেশি খ্যাতি এনে দেয় ইত্যাদি অনুষ্ঠান। প্রায় ২৬ বছর ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের নানা অসংগতি নিয়ে অভিনয় করেন মহিউদ্দিন বাহার। ইত্যাদিতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মহিউদ্দিন বাহারের স্বভাবসুলভ সংলাপ হাসির খোরাক জোগাত দর্শকদের।

(0)

Exit mobile version