Site icon changetv.press

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট অব্যাহত

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন বগুড়া ছেড়ে যায়নি। পরিবহন নেতারা বলছেন, ধর্মঘটের কারণে বগুড়া থেকে ৩৪ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত শনিবার নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কে কোনো গণপরিবহন নেই। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে সব বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ততা না থাকায় পরিবহন শ্রমিকরা সড়কের পাশে আড্ডায় মেতে উঠেছেন। তবে সড়কে পণ্যবাহী বাহনের ব্যস্ততা ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। তুলনামূলক অন্যদিনের চাইতে মূল সড়কগুলো ফাঁকা ছিল।

রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ১০ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এতে বগুড়ার অভ্যন্তরীণসহ ৩৪টি রুটের প্রায় ১২শ বাস চলাচল বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

(0)

Exit mobile version