সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের তোয়াক্কা না করেই এ সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। -সুত্র: বিবিসি অনলাইন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত করেন। ইরানের অব্যাহত হুমকিকে জরুরি অবস্থা আখ্যায়িত করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আটশো কোটি ডলারের এ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরব ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের কাছেও এসব অস্ত্র বিক্রি হবে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, অস্ত্র বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হয়। ডেমোক্র্যাট সদস্যদের অভিযোগ, পার্লামেন্টে কঠোর বিরোধিতার পরিস্থিতি আচঁ করতে পেরেই জরুরি অবস্থার আশ্রয় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরুরি অবস্থায় কংগ্রেসের অনুমোদন ছাড়াও প্রশাসনিক আদেশের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।
ইরানের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
(7)

