Site icon changetv.press

রয়টার্সের নেতৃত্ব আলেসান্দ্রোর হাতে !

আলেসান্দ্রা গ্যালোনি। যিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের পরবর্তী প্রধান সম্পাদক হচ্ছেন । ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী রয়টার্সকে নেতৃত্ব দিতে যাচ্ছেন।

৪৭ বছর বয়সী গ্যালোনি বর্তমানে রয়টার্সের অন্যতম শীর্ষস্থানীয় একজন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রয়টার্সের বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন।

প্রায় এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসেই অবসরে যাচ্ছেন অ্যাডলার। তাঁর নেতৃত্বকালে রয়টার্স কয়েক শ পুরস্কার পায়। তার মধ্যে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারও রয়েছে।

গ্যালোনি লন্ডনে থাকেন। রয়টার্সের বার্তাকক্ষে তাঁর উপস্থিতিকে ‘ক্যারিশমেটিক’ হিসেবে অভ্যন্তরীণভাবে বর্ণনা করা হয়। ব্যবসায়ের খবরাখবরের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে।

সহকর্মীদের গ্যালোনি বলেছেন, তাঁর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—রয়টার্স ডিজিটালকে সমৃদ্ধ করা এবং ব্যবসার বিষয়গুলোকে আরও উৎসাহিত করা।

রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বপালনের পর গ্যালোনি সংবাদ সংস্থাটির প্রধান সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন। ১৯ এপ্রিল তাঁর নিয়োগ কার্যকর হবে।

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে রয়টার্সের ঘোষণায় গ্যালোনি বলেছেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বাধীন, বিশ্বস্ত ও বিশ্বব্যাপী রিপোর্টিংয়ের মাননির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকে ভরা বিশ্বমানের একটি নিউজরুমের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য একটি সম্মানের বিষয়।

(0)

Exit mobile version