Site icon changetv.press

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিরোজ কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার আমজাদের মোড়স্থ রাজু ছাত্রাবাসে তার নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়।

ফিরোজ আত্মহত্যা করেছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, ফিরোজ গাইবান্ধা জেলা সদরের নারায়ণপুর এলাকার মৃত সাজু মিয়ার ছেলে। মেধাক্রম অনুসারে বিভাগে তার অবস্থান দ্বিতীয়। আগামীকাল (মঙ্গলবার) থেকে তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। তার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম, নিয়মিত টিউশনি করানোর কারণে তার আর্থিক সমস্যা ছিল না। তবে পরীক্ষার চাপে আত্মহত্যা করতে পারে কিনা জিজ্ঞাসা করলে তিনি এসব বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেন।

মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ফিরোজ ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। পরিবারিক সমস্যা বা অন্য কোনো কারণে আত্মহত্যা করেছে কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

(6)

Exit mobile version