Site icon changetv.press

রাগীবের বিরুদ্ধে করা পাঁচটি মামলা সিআইডিতে

পিরোজপুরে প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর চার ভাইয়ের বিরুদ্ধে করা পাঁচটি মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে দেওয়া হয়েছে। রোববার বিকেলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলাগুলো সিআইডির কাছে হস্তান্তর করেছেন।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণা ও জালিয়াতি করে গ্রাহকের বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগে ৯ সেপ্টেম্বর রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে রাগীব আহসান ও তাঁর ভাই আবুল বাশার খানকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই দিন বিকেলে পিরোজপুর সদর থানা–পুলিশ রাগীবের আরও দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে গ্রেপ্তার করে। রাগীব গ্রেপ্তার হওয়ার পর হারুনার রশিদ বাদী হয়ে রাগীব ও তাঁর চার ভাইকে আসামি করে ৯৭ গ্রাহকের ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় থানায় মামলা করেন।

ওই মামলায় রাগীব ও তাঁর তিন ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার এসআই মনিরুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

(0)

Exit mobile version