Site icon changetv.press

রমজানে ভাগাভাগি সুখ: পথশিশুদের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’

পবিত্র রমজান শুধু সংযমের মাস নয়, এটি সহমর্মিতারও সময়। সেই আহ্বান থেকেই রাজধানীতে পথশিশু, সুবিধাবঞ্চিত মানুষ ও পথের ক্লান্ত যাত্রীদের হাতে ইফতার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুত্বের বাংলাদেশ’। ছোট্ট এই উদ্যোগই এদিন শত শত মুখে এনে দিয়েছে তৃপ্তির হাসি।

নিজেদের সঞ্চয়, প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের সহায়তা এবং স্বেচ্ছাশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় চার থেকে পাঁচ শত মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। আয়োজনটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন এলাকা ও হাদী চত্তরে। বিকেলের শেষ আলো নিভে যাওয়ার আগেই স্বেচ্ছাসেবীরা সারিবদ্ধভাবে খাবারের প্যাকেট পৌঁছে দেন অপেক্ষমাণ মানুষের হাতে।সংগঠনের স্বেচ্ছাসেবী সমর আলী জানান, এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। প্রতি মাসে চারটি ইভেন্ট পরিচালনা করা হয়, দুটি খাবার বিতরণ এবং দুটি স্বাস্থ্যসেবা কার্যক্রম। মূল লক্ষ্য পথশিশু, নিম্নআয়ের মানুষ ও অবহেলিত জনগোষ্ঠীকে সহায়তা করা। রমজানজুড়ে ইফতার ও সেহেরীর বিশেষ আয়োজনও রাখা হয়েছে।

স্বেচ্ছাসেবী সুজন হাসান বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে পথশিশুদের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। একটু আন্তরিকতা, সামান্য সহায়তাই পারে তাদের রমজান ও ঈদকে আনন্দময় করে তুলতে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বেচ্ছাশ্রম, রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে। তারা সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, নিজ নিজ অবস্থান থেকে মানবিক উদ্যোগে শামিল হওয়ার।রমজানের এই ব্যস্ত নগরীতে ‘বন্ধুত্বের বাংলাদেশ’-এর উদ্যোগ মনে করিয়ে দেয়, সহমর্মিতা ছড়িয়ে পড়লে সমাজের অন্ধকার কোণেও আলো জ্বলে ওঠে। ছোট ছোট ভালোবাসার হাত বাড়ালেই বদলে যেতে পারে অনেক জীবন।

(0)

Exit mobile version