বিপুল পরিমাণ বিস্ফোরক ও ড্রোনসহ তেহরান থেকে মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মাহদি রোববার (১৫ জুন) বলেছেন, তেহরান প্রদেশের রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আল-মাহদি বলেন, দুজনের কাছ থেকে ২০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের সরঞ্জাম, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়েছে।
ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে। তখন থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কর্মীরা ইরানের ভেতরে নাশকতার চেষ্টা করে আসছে। বিস্ফোরক বহনকারী ছোট ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে।
এর আগে, একই দিন সকালে তেহরান সংলগ্ন আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টিতে আরও দুই মোসাদ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।
আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালিয়ে আসছে। তেল আবিব, জেরুজালেম এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আঘাত করছে।
ইরনা জানিয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে।
(0)

