Site icon changetv.press

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৮১ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৯০ হাজার ২০৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১১০টি পরীক্ষাগারে ১৫ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৭১৪টি।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জন।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৭১ জন ও নারী ১ হাজার ৩১০ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহী তিনজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।

(0)

Exit mobile version