Site icon changetv.press

থাইল্যান্ডে সেনা কর্মকর্তার গুলিতে নিহত ২০

থাইল্যান্ডের কোরাত শহরে এক সেনা কর্মকর্তার এলোপাথাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩১ জন।

এর আগে প্রাথমিকভাবে ১২ জন নিহতের কথা বলা হয়েছিল। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ব্যাংককের আড়াইশ কিলোমিটার উত্তরপূর্বের নাখন রাচসিমা, কোরাতে এ হত্যাযজ্ঞ চালায় হামলাকারী।

পুলিশ জানায়, জাক্রাফ্যান থম্মা নামে সেনাবাহিনীর এই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারকে গুলি করে হত্যা করেন। পরে তিনি সেনাঘাঁটির অস্ত্রাগার থেকে বন্দুক নিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালান। তার গুলির মুখে পড়েছে পথচারী, রাস্তায় থাকা নারী-পুরুষও।

পরে গাড়ি চালিয়ে হামলাকারী টার্মিনাল টোয়েন্টি ওয়ান নামে একটি বিপণী বিতানে প্রবেশ করেন। তাকে বের করে আনতে মধ্যরাতে শুরু হয় পুলিশি অভিযান। প্রথমে সাধারণ মানুষদের বের করে আনা হয়।

হামলার সময় ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন ওই সেনা সদস্য, করেছেন লাইভও। তবে কেন তিনি এই হত্যাকাণ্ড চালালেন তা এখনও স্পষ্ট নয় বলে থাই কর্মকর্তারা জানিয়েছেন।

(11)

Exit mobile version