Site icon changetv.press

টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: সংসদে স্পিকার

জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধকে নিজেদের সর্বনাশ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের জবাবের পর এ মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, পানিসম্পদমন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা রয়েছে। ভারতের মণিপুরে বরাক নদীর ওপর প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই শুরু হয়েছিল। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।
এর আগে প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধের বিষয়টি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।
সংসদে সিলেট অঞ্চলের বন্যা ও খরার দুর্ভোগ তুলে ধরে আব্দুল মালিক বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও উজানের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তিনি টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পরিকল্পনা এবং পাহাড়ি ঢলের চাপ মোকাবিলায় করণীয় জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যার প্রভাব কমাতে সরকার ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে প্রস্তাবিত এই প্রকল্পটি বাংলাদেশ সীমান্তের প্রায় ১০০ কিলোমিটার উজানে অবস্থিত। তবে এর ফলে পানিপ্রবাহ কমে যাওয়া এবং পরিবেশগত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

(0)

Exit mobile version