Site icon changetv.press

এক সপ্তাহে সাড়ে ১৭ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার

সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও সুরক্ষা বিভাগ ও জাওয়াজাত এক সপ্তাহে ১৭ হাজার ৫৯৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। রেসিডেন্সি আইন, শ্রম আইন, বা সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অপরাধে এসকল অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিগত ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রেসিডেন্সি আইন, শ্রম আইন, বা সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে মোট ১৭ হাজার ৫৯৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে জাওয়াজাত এবং সৌদি আরবের নিরাপত্তা রক্ষা বাহিনী।

এর মধ্যে ৬ হাজার ৫৯৪ জনকে রেসিডেন্সি আইন ভঙ্গের দায়ে, ১ হাজার ৭৭৫ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে, এবং ৯ হাজার ২৯৯ জনকে সীমান্ত আইন ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয়েছে। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ২০২ জনকে। এর মাঝে ৪৮ শতাংশ ব্যক্তি ইয়েমেনি, ৪৯ শতাংশ ইথিওপিয়ান, এবং বাকি ৩ শতাংশ বিভিন্ন জাতীয়তার।

এছাড়াও ২১ জনকে অবৈধ উপায়ে সৌদি আরব থেকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অবৈধ প্রবাসীদের প্রবেশ বা পালানোতে সহায়তা করায়, তাদের পরিবহণে সাহায্য করায় ও তাদের আশ্রয় প্রদান করার অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেকোন ব্যক্তি যদি অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করা কোন প্রবাসীকে সাহায্য করেন, তাকে পরিবহণ করেন বা আশ্রয় প্রদান করেন, তবে তাদেরকে গ্রেফতার করে শাস্তি দেয়া হবে, পরিবহণে ব্যবহৃত যানবাহন জব্দ করা হবে, এবং আশ্রয় প্রদান করা বাড়ি বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সাহায্যকারী ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানার শাস্তি প্রদান করা হবে।

(0)

Exit mobile version