Site icon changetv.press

আর্জেন্টিনা দল এবং মেসিকে ঢাকায় আসার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা মেসি এবং তার দলকে নিয়ে আসার অনুরোধ জানিয়েছি। আমরা তাদের আতিথেয়তা দেবো।

বৃহস্পতিবার পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টিনার সঙ্গে আমাদের অনেক পুরনো বন্ধুত্ব।

তিনি আরো বলেন, বাংলাদেশের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

আর্জেন্টিনার বিশ্বকাপে জয়ে সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে দারুণ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি-উদযাপন মন কেড়েছে আর্জেন্টাইনদের। সে কারণে বাংলাদেশে আবারও দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকা সফরে আসতে যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

(0)

Exit mobile version